ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে জাল নোট বিক্রি! আটক ৩

২০ জুন, ২০২৩ ১৩:২৩  

ঈদের বাজার টার্গেট করে জাল নোট বিক্রির জন্য ফেসবুকে এ গ্রেড জাল নোট, টাকা চাই, জাল নোট, জাল টাকা বিক্রি করি, জাল টাকার ডিলার, জাল টাকা বিক্রয়কেন্দ্র, রিয়েল সেলস্, টাকা বিজনেসসহ বিভিন্ন নামে পেজ ও গ্রুপ খুলে বিজ্ঞাপন দেওয়া হয়। এরপর জাল টাকা কিনতে আগ্রহীদের সঙ্গে যোগাযোগ করে সরাসরি সাক্ষাতের মাধ্যমে জাল টাকা ডেলিভারি দিচ্ছিল শাহজাদা আলম।

চক্রটি ইতোমধ্যে জাল টাকার বড় ধরনের ৪টি ডেলিভারি দিয়েছে। সর্বশেষ গত ১৫ জুন 'এ গ্রেড জালনোট' গ্রুপে বিজ্ঞাপন দিয়ে পাঁচ লাখ টাকার ৫০০, ২০০ ও ১০০ টাকার জাল নোটের একটি চালান ডেলিভারি দেয় শাহজাদা। পাঁচ লাখ টাকার জাল নোট বিক্রির বিনিময়ে নেন ৯০ হাজার টাকা।

এরপর সোমবার (১৯ জুন) দুই লাখ টাকার জালনোট ডেলিভারির জন্য প্রস্তুতিকালীন সময় টাকা এবং মেশিন ও সরঞ্জামাদিসহ র‌্যাবের কাছে দুই সহযোগীসহ হাতেনাতে ধরা পড়েন তিনি।

রাজধানীর উত্তরখান থানাধীন উজাপাড়া (মাস্টারপাড়া) এলাকায় অভিযান চালিয়ে জালনোট প্রস্তুতকারী চক্রের অন্যতম হোতা শাহজাদা আলমকে (৩৩) গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল। গ্রেপ্তার দুই সহযোগী হলেন- মাহেদী হাসান (১৯) ও আবু হুরায়রা ওরফে তুষার (২২)।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে র‌্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক(সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে জালনোট প্রস্তুতের কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি ল্যাপটপ ব্যাগ, ১টি কিবোর্ড, ২টি মাউস, ২টি ল্যাপটপ চার্জার, ১টি পেনড্রাইভ, ১০টি বিশেষ মার্কার পেন, টাকা ছাপানোর কাজে ব্যবহৃত প্রিন্টার, টাকার ডিজাইন প্রিন্ট করার জন্য ৪টি টোনার কার্টিজ, ২ রিম সাদা কাগজ, ১টি ফয়েল পেপার রোল, ৩টি স্টিলের স্কেল, ৩টি এন্টি কাটার, ১টি কাঁচি, ৪টি মোবাইল, ৮টি সিমকার্ড, ১টি এনআইডি কার্ড ও ৩টি মানিব্যাগ জব্দ করা হয়।